বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ । ৫:০৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি সংকটে পড়েছে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসার বিষয়ে ইরানের অনীহার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কিছুটা বৃদ্ধি পেয়েছে।

 

বুধবার (০১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

 

সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্যমতে, বুধবার ভোরে লেনদেনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০ দশমিক ১৩ ডলারে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের আলোচনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগের কারণেই মূলত তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।


এর আগে মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর ক্ষেত্রে কিছু অগ্রগতি হওয়ায় চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ৪৫ ডলার কমেছিল, যা ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর সবচেয়ে বড় প্রান্তিক পতন।

সম্পাদক ও প্রকাশকঃ এম রহমান।  কপিরাইট © সববেলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন