খুঁজুন
, ,

স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া

মাহমুদুল হাসান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:০৮ পূর্বাহ্ণ
স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া

ভালোবাসা, বিশ্বাস আর সুখের সংসারের স্বপ্ন নিয়েই বিয়ের পর স্বামী মিরাজুল হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকায় পাড়ি জমান তানিয়া। জীবিকার তাগিদে দুজনেই একটি পোশাক কারখানায় চাকরি নেন। সংসারের স্বচ্ছলতা ও স্বামীর উজ্জ্বল ভবিষ্যতের আশায় নিজের জমানো অর্থ ব্যয় করে মিরাজুলকে মালয়েশিয়ায় পাঠান তানিয়া।

অভিযোগ রয়েছে, বিদেশে যাওয়ার পর দীর্ঘ ছয় বছর স্ত্রী ও দুই সন্তানের কোনো খোঁজখবর নেননি মিরাজুল। এ সময় তানিয়া চরম আর্থিক সংকটে পড়েন। পরিবারের সহযোগিতা ও গ্রামের মানুষের সহায়তায় কোনোমতে সন্তানদের নিয়ে জীবনযাপন করেন তিনি।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই মিরাজুলের আপন ভাই বকুলের স্ত্রী জেমির সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। সন্তানের ভবিষ্যৎ এবং অসুস্থ বাবার কথা বিবেচনা করে দীর্ঘদিন সবকিছু নীরবে সহ্য করে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন তানিয়া।
সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে স্ত্রী-সন্তানের কাছে না গিয়ে মায়ের বাড়িতে ওঠেন মিরাজুল। এরপর তিনি তানিয়াকে তালাকের নোটিশ পাঠান বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে নিজের সংসার রক্ষার আশায় স্বামীর বাড়িতে অবস্থান নেন তানিয়া। তবে অভিযোগ রয়েছে, তাকে সেখান থেকে সরিয়ে দিতে নতুন কৌশল হিসেবে তার বিরুদ্ধে চুরি ও লুটপাটের একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।
হয়রানির শিকার হয়ে তানিয়া দেনমোহর ও ভরণপোষণের দাবিতে আদালতের শরণাপন্ন হন। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে স্থানীয় চৌকিবাড়ী গ্রামের বাসিন্দা হাজী আব্দুল জলিল বলেন, “তানিয়ার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করছি।”
একই গ্রামের প্রবীণ ব্যক্তি হাজী লাহেদ আলী জানান, “মিরাজুল ও জেমির সম্পর্ক নিয়ে এর আগেও গ্রামে একাধিকবার সালিশ হয়েছে। আমরা তাদের ওই সম্পর্ক থেকে ফেরানোর চেষ্টা করেছি। এখন শুনছি, মিরাজুল তার স্ত্রীকে তালাক দিয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”
এছাড়া স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে কয়েকজন ব্যক্তি ও নারী সদস্য তানিয়াকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, সব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

জমি নিয়ে বিরোধে কুপিয়ে আহত, চিকিৎসার আগেই  মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
জমি নিয়ে বিরোধে কুপিয়ে আহত, চিকিৎসার আগেই  মৃত্যু 

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রুপসা চরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পরে হাসপাতালে নেওয়ার পথে নৌকার মধ্যে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রুপসা চরে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম রুপসা চর এলাকার সোহরাব আলীর ছেলে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার আহসান (৪৫), হামিদ (৫৫), সুলতান (৪৫)—তিনজনের পিতা তোফাজ্জল—এবং রিফাত (২৫), পিতা মিল্টন, আমিনুল ইসলামকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর আমিনুল ইসলামের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ সময় নদীর মধ্যে নৌকার ওপর তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।

সিরাজগঞ্জে লিটন বাদশার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

মুকুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে লিটন বাদশার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

সিরাজগঞ্জে মো. লিটন বাদশা (৪০) নামে এক আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত লিটন বাদশা সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের পশ্চিম দত্তবাড়ি এলাকার মৃত মোকছেদ আলী ও মৃত জমিলা খাতুনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট মামলায় আসামিকে হাজির করা হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল হোসেন শুনানি শেষে তাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা জরিমানা প্রদান করেন।

দণ্ডাদেশের পর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কাজিপুরে গরু সহ চোর আটক পুলিশের হাতে

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
কাজিপুরে গরু সহ চোর আটক পুলিশের হাতে

সিরাজগঞ্জের কাজিপুরে কৃষকের গরু সহ চোর কে আটক করেছে কাজিপুর থানা পুলিশ৷ আটককৃত ব্যক্তি হলেন মাদারগঞ্জ থানার খামার মাগুড়া গ্রামের মৃত বাহাদুরের ছেলে মো: ফারুক মিয়া (৪০)৷

বুধবার গরু সহ গরু চোরকে আটকের বিষয় নিশ্চিত করেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান৷

তিনি জানান গত রাতে কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের ছিন্না গ্রামের মৃত কাজিম মন্ডলের ছেলে জিন্না মন্ডল (৪৪) এর গোয়াল ঘর থেকে একটি লাল রংয়ের গাভী গরু (৮০০০০) হাজার বাজার মুল্যের গরুটি চুরি হয়৷

গরু চুরির বিষয়ে থানা পুলিশ কে জানালে কাজিপুর থানা পুলিশ ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মাদারগঞ্জের কুকুরমারি এলাকা হতে গরু সহ একজন আটক করা হয়েছে৷

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান কালবেলা কে জানান এই ঘটনায় থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে এবং আসামি কে আগামীকাল সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে৷